শিরোনাম:
২৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কমের মুত্যুজনিত কারণে একে শহীদুল্লাহ খোন্দকারকে অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা সংক্রান্ত ওই প্রজ্ঞাপনের জানানো হয়, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুর রহমান বি.কম বার্ধক্যজনিত কারণে ১৩ আগস্টে মৃত্যুবরণ করায় উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উপজেলা পরিষদ বিধিমালা ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভাইস চেয়ারম্যান প্যানেল থেকে চেয়ারম্যান প্যানেল-১ নং কে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের অনুপস্থিতকালীন সময়ের জন্য আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।
অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত একে শহীদুল্লাহ খোন্দকার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাড়াও তিনি ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। শহীদ খোন্দকার গোবিন্দপুর ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও আইডিয়াল একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন। সদালাপী ও পরিচ্ছন্ন রাজনৈতিক এ নেতা কালীদহ ইউনিয়নে গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
এবিষয়ে অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে একে শহীদুল্লাহ খোন্দকার ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সঠিক ও সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।