শিরোনাম:

ফেনী সমিতি ঢাকার উদ্যোগে বৃত্তি প্রদান, আজীবন সদস্য ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত 

অক্টোবর ১১, ২০২১


নিজস্ব রিপোর্টঃ ৯ অক্টোবর ২০২১ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফেনী সমিতি ঢাকার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, আজীবন সদস্য ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও এনএসআই-র জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের অতিরিক্ত পরিচালক মনছুর আহমেদ বিপ্লব।

ফেনী জেলার অধিবাসী মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা ও পবিত্র কোরআনে হাফেজসহ ২৩১ জন মেধাবী কৃতি ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান, সমিতির নতুন  ২০০ জন আজীবন সদস্য, ফেনী পৌরসভা, সোনাগাজী পৌরসভা ও ফেনী সদর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, দাগনভুঞা ও পরশুরাম পৌরসভা চেয়ারম্যান, দাগনভুঞা ও ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়। সমিতির সভাপতি শেখ আবদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  শাহাদাত হোসেন ভুঞা সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ঢাকাস্থ ফেনীর বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় সহস্রাধিক ব্যক্তি অংশ নেন। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, সংবর্ধিত আজীবন সদস্য ও জনপ্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।