শিরোনাম:

ফেনীতে সৌদি আরবগামী ৩০৯ কর্মী পেল ৭৭ লাখ টাকা

সেপ্টেম্বর ০৯, ২০২১


নিজস্ব রিপোর্টঃ সৌদি আরবগামী ফেনীর ৩০৯ জনকে কোয়ারেন্টাইন খরচ বাবদ সরকার ৭৭ লাখ টাকা প্রদান করেছে। ৯ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ৩০৯ জনের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন। করোনা মহামারীতে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে যাওয়া প্রত্যেক সৌদিগামী কর্মীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করায় সরকার তাদের অর্থ সহায়তা হিসেবে এ অনুদান প্রদান করে।

চেক প্রদানকালে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের সম্মানিত করা এবং স্বীকৃতি দেয়া উচিত। অনুদান প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো আর্থিক সহায়তা নয়, এ সহায়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পক্ষ থেকে প্রবাসীদের সম্মান জানানো।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ফেনী জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (আইআরপি) উপ-সচিব আরিফ আহমেদ খান।