শিরোনাম:

পরশুরামে ৪ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা

সেপ্টেম্বর ০৪, ২০২১


ফেনীর পরশুরামে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগের দায়ে ফার্মেসিসহ ৪ প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে ৩৭ হাজার টাকা জরিমানা।

৩ আগস্ট পরশুরামের বক্সমাহমুদ বাজার, পরশুরাম বাজার ও খন্ডলহাই বাজারে অভিযান চালিয়ে ২টি ফার্মিসীসহ চার প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ করেন ফেনী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।

এসময় বক্সমাহমুদ বাজারের সজিব মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫ হাজার টাকা, নাঈমা খন্ডল মিষ্টিমেলাকে ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে মিষ্টি সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা, খন্ডলহাই বাজারে অনুপম মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ হাজার টাকা ও পরশুরাম বাজারের হীরা কনফেকশনারিকে তারিখবিহীন পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করেন।

অভিযান চলাকালে ফেনী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমাকে সহয়তা করেন পরশুরাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গাফফার এবং পরশুরাম মডেল থানা পুলিশের একটি টিম।