শিরোনাম:

ঢাকাই রাজনীতিতে ক্রমেই বাড়ছে ফেনীর আধিক্য

সেপ্টেম্বর ১২, ২০২১


 চৌধুরী এ এম মোর্শেদ শিবলী || দেশের সংবাদপত্র ও সাংবাদিকতার নেতৃত্বে ফেনীর প্রাধান্য সেই অনেক পুরোনো। এখনো এ ধারা বজায় রেখেছেন ফেনীর সন্তানেরা। কিন্তু ঢাকাই রাজনীতিতে ফেনীর আধিক্য অতীতে তেমন একটা পরিলক্ষিত হয়নি। যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মোঃ আবুল বাশার ও যুবলীগ দক্ষিণের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সম্রাটের নেতৃত্বকালে ঢাকার প্রত্যন্ত এলাকায় ফেনীর প্রাধান্যতা যে ছিলো তা সর্বজন স্বীকৃত। সম্রাটের পর সম্প্রতি বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রদল ও যুবদল নেতা রফিকুল আলম মজনু নির্বাচিত হয়ে পুনরায় সে আশার আলোর প্রত্যাগমন ঘটতে যাচ্ছে। একই সাথে যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া সেলিম ও সদ্য নির্বাচিত যুবদল দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে ঢাকাই রাজনীতিতে ফেনীর আধিক্যকে বাড়িয়ে তুলছে। 

বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে ফেনীর কৃতি সন্তান রফিকুল আলম মজনু ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। ঢাকা মহানগর কেন্দ্রীক রাজনীতির মাঠে বেড়ে ওঠা মজনু ছাত্র দল ও  যুবদলের সোনালী অধ্যায় শেষ করে অবশেষে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব পদে অধিষ্ঠিত হয়েছেন। সদ্য ঘোষিত বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটিতে দলের হাই কমান্ড তাকে সদস্য সচিবের গুরুত্বপূর্ণ পদে পদায়িত করে। আন্দোলন সংগ্রামে পরিক্ষিত ছাত্র রাজনীতির সোনালী ফসল মজনু বিগত সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী-১ এ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেন। বর্তমানে তিনি ঐ নির্বাচনী এলাকার সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। নবগঠিত বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিযুক্ত হওয়ায় মধ্য দিয়ে মজনু বিএনপির আগামী রাজনীতিতে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। জনাব মজনু রাজনীতির মাঠে নতুন পদে বিশেষ করে ঢাকা মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় ঢাকায় ফেনীবাসীর জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এতে ফেনীবাসীর মর্যাদা বৃদ্ধি পেয়েছে। 

যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক পদে দীর্ঘ ১০ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন তরুণ প্রজন্মের নেতা ফেনীর দাগনভুঞা উপজেলার অধিবাসী শাহাদাত হোসেন ভুইয়া সেলিম একইসাথে ঢাকাস্থ ফেনী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে জনাব সেলিমের রয়েছে গভীর সখ্যতা। তাছাড়া ব্যাপক সাংগঠনিক কর্মকান্ডের মধ্যদিয়ে জনপ্রিয় হয়ে উঠা সেলিম রাজনীতিতে নিজের একটা শক্ত অবস্থান ইতোমধ্যে তৈরী করতে সক্ষম হয়েছেন এবং ঢাকা শহরের বিভিন্ন ইউনিটে ফেনীর অন্যান্যদের পদায়িত করে নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করেছেন। ভবিষ্যতে কেন্দ্রীয় নেতৃত্বে হাতছানী দিচ্ছে তাকে। তার রাজনৈতিক অবস্থান ঢাকাতে ফেনীর নাম সমুজ্জ্বল হচ্ছে। 

অতি সম্প্রতি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক ছাত্রদল নেতা এনামুল হক এনাম। ফেনীর ফুলগাজী উপজেলার অধিবাসী জনাব এনাম ইতোপূর্বে ছাত্রদল ঢাকা মহানগরের দক্ষিণের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা মহানগর রাজনীতির বিভিন্ন ইউনিটে তার অনুসারী রয়েছে। এতে তার শক্ত অবস্থান তৈরী হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে গড়ে উঠা যৌগসূত্রে এনাম ভবিষ্যৎ নেতৃত্বের পথে এগিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে ঢাকায় ফেনীবাসীর যে কোন কল্যাণে জনাব এনাম ভূমিকা রাখবেন ও তার মাধ্যমে উপকার উপভোগী হবে এমনটা প্রত্যাশা করে ফেনীবাসী।